নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন, ৫১ সদস্যের কমিটি গঠন
ছোটন সরদার, নওগাঁ: নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে গবেশ টপ্প্যকে সভাপতি, রিপন দাস ভূইমালিকে সাধারণ সম্পাদক ও লক্ষিন্দর টপ্প্যকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের পোরশা উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, নওগাঁ জেলা সভাপতি আমিন কুজুর ও সাধারণ সম্পাদক দিপঙ্কর লাকড়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়। এতে আদিবাসী শিল্পীরা তাঁদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।