আরশি অটোমোবাইলসের উদ্যোগে রাজশাহীতে ভাটাপাড়া প্রিমিয়ার লীগ (ভিপিএল)-১৪’র ‘প্লেয়ার অকশন’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ১৪তম ভাটাপাড়া প্রিমিয়ার লীগ (ভিপিএল)-এর প্লেয়ার অকশন (নিলাম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে এ নিলাম অনুষ্ঠিত হয়।
আরশি অটোমোবাইলস (আরশি মেডিকেল সাপ্লায়ার)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটাপাড়া যুবসংঘের সভাপতি নাসির উদ্দিন। বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাইটেল স্পন্সর ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুজ্জামান সুমন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান সুমন বলেন, শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুষ্ঠু সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা দেহ ও মন সতেজ রাখে এবং হতাশা কমাতে সহায়তা করে। তরুণদের মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি দলগত চর্চা, শৃঙ্খলা, সৃজনশীলতা এবং জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে।
তিনি আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি লীগের বিভিন্ন পর্যায়ের কৃতী খেলোয়াড়দের জন্য পুরস্কার ঘোষণা করেন এবং পুরো লীগ আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তা খাদেমুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ এবং মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন সেলিম শাহজাদা ও জাকিউর রশীদ সঞ্জু।
অনুষ্ঠানে ভাটাপাড়া যুবসংঘের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ এবং নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।