রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে হামলা ও মামলায় হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের বিচার দাবি
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই দাবিতে মানববন্ধনও করেন স্থানীয় গ্রামবাসী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় খুটিপাড়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য শ্যামলী খাতুন লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে গ্রামবাসীর ওপর চড়াও হয়ে মারধর ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তার মায়ের জমি নিয়ে বিউটি খাতুন ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১০ জুন মাগরিবের নামাজের সময় দেশীয় অস্ত্র, শাবল, কোদাল ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে তার মা সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শ্যামলী খাতুনের দাবি, ওই ঘটনার একপর্যায়ে বিউটি খাতুন নিজেই মেহগনি গাছের সঙ্গে মাথা ঠুকে আহত হওয়ার ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা মামলা করেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ নভেম্বর সালিশি বৈঠকের দিন নির্ধারিত থাকলেও তা ভণ্ডুল করতে ১২ নভেম্বর আবারও জমি দখলের চেষ্টা ও হামলা চালানো হয়। এ সময় তার ভাই চঞ্চলকে লাঠি ও শাবল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে বাঁচলেও পরে সালিশ ও মীমাংসার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে গোপনে চঞ্চলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় পুলিশ চঞ্চলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় চঞ্চলের ছবি বিউটি খাতুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বিউটি খাতুনের বিরুদ্ধে তার মেয়ে বৃষ্টি খাতুনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের সূত্র ধরে গর্ভের সন্তানকে নির্যাতনের মাধ্যমে হত্যা, স্বামীকে তালাক দিতে চাপ দেওয়া এবং বয়স্ক শ্বশুর-শাশুড়ি ও দাদিশাশুড়িকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়। একই সঙ্গে ওই বক্তব্য শেয়ার করার জেরে গ্রামবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়ার অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত সুজনের স্ত্রী অভিযোগ করেন, মারামারি থামাতে গিয়ে তার স্বামীকে বাড়িতে আগুন দেওয়ার মামলায় আসামি করা হয়েছে। মোট নয়জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্য এক নারী জানান, তার স্বামীর কসমেটিকসের দোকান রয়েছে। মারামারি থামাতে গেলে ৫০ লাখ টাকা লুটের মামলায় তাকে আসামি করা হয়েছে।
এ সময় এক বৃদ্ধা গ্রামবাসী বলেন, “আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমাদের গ্রামে যেন আর মারামারি না হয়।”
স্থানীয় এক যুবক অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করলেও তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং মামলায় জড়ানো হচ্ছে। এমনকি এলাকাছাড়া করার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলন ও মানববন্ধন থেকে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, হামলা ও জমি দখলের চেষ্টা বন্ধ এবং খুটিপাড়া গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান বিউটি খাতুন বলেন, “নির্যাতন, হামলা ও জমি দখলের চেষ্টা—এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আমাদের ওপর নৃশংস হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি এবং সেই মামলায় পুলিশ দুজন আসামিকে আটকও করেছে।”
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের একাধিক মামলা রয়েছে। মামলা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।