‘কোম্পানি ঠেকাও, ব্যবসায়ী বাঁচাও’ স্লোগানে রাজশাহীতে স্যানিটারি ব্যবসায়ীদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ‘কোম্পানি ঠেকাও, ব্যবসায়ী বাঁচাও’ স্লোগানে রাজশাহীতে স্যানিটারি ব্যবসায়ী মালিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর স্টেডিয়াম সুপার মার্কেটে রাজশাহী স্যানিটারি ব্যবসায়ী মালিক সমবায় সমিতির ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এনায়েতউল্লাহ খান সবুজ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহেল, সহসভাপতি আবুল সায়েম মনা, কোষাধ্যক্ষ আবু বাক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাহান নাজমুজ সাদাত, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক স্বপন কুমার সাহা, সহসভাপতি শামসুজ্জামান মতি প্রমুখ। এ ছাড়া সমিতির সদস্য ও স্থানীয় স্যানিটারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুল জামান মতিন। সমিতির সভাপতি এনিয়েতুল্লাহ খান সবুজের বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তারা বলেন, ভ্যাট-ট্যাক্সসংক্রান্ত বিষয়, চেম্বার অব কমার্সের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং ব্যবসায়িক সমস্যা সমাধানে চেম্বারের নেতাদের সঙ্গে নিয়মিত আলোচনা বাড়াতে হবে। একই সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসায়ীদের সমস্যাগুলো তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার স্যানিটারি ব্যবসায়ীদের সঙ্গে নগরীর ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
সভায় সেলস সেক্টরে বিভিন্ন কোম্পানি ও তাদের প্রতিনিধিদের প্রত্যক্ষ হস্তক্ষেপ নিয়ে ব্যবসায়ীরা খোলামেলা আলোচনা করেন। তাঁদের অভিযোগ, কোম্পানির প্রতিনিধিরা সরাসরি নির্মাণাধীন ভবন ও বিভিন্ন প্রকল্পের সাইট পরিদর্শন করে পণ্য সরবরাহের ব্যবস্থা করছেন। এতে স্থানীয় স্যানিটারি ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন এবং তাঁদের ব্যবসা ক্রমেই সংকুচিত হচ্ছে।
বক্তারা বলেন, কোম্পানির প্রতিনিধিরা কোনো ভবন বা চলমান নির্মাণ প্রকল্প সরাসরি পরিদর্শন করতে পারবেন না এবং এসব সাইটে সরাসরি পণ্য সরবরাহ করতে পারবেন না। তাঁদের অভিযোগ, বড় অঙ্কের অর্ডার পাওয়ার পর স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য কেনার পরিবর্তে ঠিকাদার ও ভবনমালিকদের নামে কাগজপত্র তৈরি করে প্রায় ৩০ শতাংশ কমিশনের বিনিময়ে কোম্পানি থেকে সরাসরি মালামাল সরবরাহ করা হচ্ছে। এ ধরনের সাইট ডেলিভারির কারণে স্থানীয় বিনিয়োগকারী ও স্যানিটারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ সময় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, কিছু ব্যবসায়ী ও ডিলার কোম্পানির প্রতিনিধিদের সেলস কোড দিয়ে এ ধরনের কার্যক্রমে সহযোগিতা করছেন। এভাবে চলতে থাকলে রাজশাহীর স্থানীয় স্যানিটারি ব্যবসায়ীরা একসময় ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন।
মা এন্টারপ্রাইজের মালিক মাজহারুল ইসলাম ফরহাদ বলেন, “আমরা একা একা কাজ করলে সমস্যার সমাধানে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ব্যবসায়িক সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে।”
সমিতির সম্পাদক আবুল সায়েম মনা বলেন, “চোখের সামনে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হলে আমরা আশায় বুক বাঁধি। কিন্তু কয়েক মাস পর শুনতে পাই, রাতের আঁধারে কোটি টাকার মালামাল কোম্পানি সরবরাহ করেছে। এ ধরনের অনৈতিক বিক্রয় কার্যক্রম চলতে থাকলে একসময় স্থানীয় ব্যবসার লালবাতি জ্বলবে।”
তিনি আরও বলেন, সাইটে সরাসরি পণ্য সরবরাহের সময় হাতেনাতে ধরে এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে হবে। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।