রাজশাহীর বাগমারায় আ.লীগ নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার পরে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘মৌ লেডিস কর্নার’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাগমারা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দী দলীয় নেতাদের মুক্তির দাবিতে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগও রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে বাগমারা থানায় নেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।