নেশা করতে নিষেধ করায় রাজশাহীতে স্ত্রীকে এসিডে ঝলসে দিল পাষণ্ড স্বামী
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নেশা করতে নিষেধ করায় স্ত্রী তৃষা খাতুনকে (২১) এসিড দিয়ে ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী শহিদুল ইসলাম (৩২)। স্বামীর অটোরিকশার ব্যাটারি থেকে এসিড নিয়ে স্ত্রীর মুখ ও শরীরে ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ছয় দিন হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের কাছে এসে নির্যাতনের বর্ণনা দেন তৃষা খাতুন।
তৃষা জানান, গত ৫ নভেম্বর রাতে স্বামীর নেশা করার প্রতিবাদ করায় তাঁর ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে মুখের এক পাশসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ছয় দিন হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণা সহ্য করে কোনোরকমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে তৃষা বলেন, তাঁর স্বামী অটোরিকশা চালিয়ে যে টাকা আয় করতেন, তার পুরোটাই নেশার পেছনে খরচ করতেন। স্ত্রী ও সন্তানের ভরণপোষণেও কোনো টাকা দিতেন না। তিনি দুই বাড়িতে গৃহকর্মীর কাজ করে পাওয়া টাকা দিয়ে ঘরভাড়া ও সংসার চালাতেন। স্বামীর নেশার প্রতিবাদ করলেই তাঁকে প্রায়ই মারধর করা হতো।
তৃষার অভিযোগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি করেন রাজু নামে এক ব্যক্তি। তাঁর সঙ্গে স্বামী শহিদুল নেশা করতেন। গত ৫ নভেম্বর রাতে বাড়ি ফিরে আবারও নেশা করতে নিষেধ করলে শহিদুল ক্ষিপ্ত হয়ে অটোরিকশার ব্যাটারি থেকে এসিড নিয়ে তাঁর মুখ ও শরীরে ঢেলে দেন।
তৃষা আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী তাঁর কোনো খোঁজ নেননি। বরং লোক মারফত হুমকি দিয়েছেন, মামলা করলে এবার তাঁকে মেরে ফেলবেন। হাসপাতাল থেকে ফিরে তিনি বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছেন। স্বামীর উপযুক্ত শাস্তি দাবি করে তিনি বলেন, ছোট মেয়েকে নিয়ে এখন কোথায় যাবেন, কী করবেন, তা ভেবে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। মামলা করায় প্রাণনাশের আশঙ্কাও করছেন তিনি।
ভুক্তভোগী তৃষা খাতুন রাজশাহীর তানোর উপজেলার কামাগাঁও ইউনিয়নের মালশিরা গ্রামের শাহীন আলীর মেয়ে। আলেয়া নামে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে তাঁর। পাঁচ বছর আগে একই গ্রামের মৃত সেকেন আলীর ছেলে শহিদুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বর্তমানে শহিদুল রাজশাহী নগরীতে অটোরিকশা চালান। তাঁরা নগরীর দড়িখরবোনা রেলগেটসংলগ্ন শাহীন বস্তিতে একটি ভাড়া ঘরে বসবাস করতেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, ‘নেশা করার বিষয়টি সত্য নয়। বিভিন্ন বিষয়ে আমার সঙ্গে ঝামেলা করত, আমার কথা শুনত না, আমাকে ঘর থেকে বের করে দিত। তাই এসিড মেরেছি।’
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী বলেন, তৃষার অভিযোগের ভিত্তিতে গতকাল মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।