বিএমডিএ'র নির্বাহী পরিচালকের উদ্যোগে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থা
স্টাফ রিপোর্টার: সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং প্রযুক্তির ব্যবহারে বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থায় আসছে নতুন পরিবর্তন। উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনাকে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা সম্প্রসারণে উদ্যোগ জোরদার করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। নির্বাহী পরিচালক (গ্রেড-২) মোঃ জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা সমাধান, প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের জনবল সংকট নিরসনেও কাজ করছেন নির্বাহী পরিচালক। এ লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। বিএমডিএর ভারপ্রাপ্ত সচিব এস এম দেলোয়ার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, ৬৫০ জন জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে উদ্যোগ চলমান রয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে সেচযন্ত্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কৃষকসেবা আরও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, বিএমডিএর সেচযন্ত্রগুলো সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনা এবং নেট মিটারিংয়ের আওতায় আনার বিষয়টি কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর সৌরায়ন কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন, কারিগরি পর্যালোচনা ও বাস্তবায়ন পরিকল্পনার কাজ এগিয়ে চলছে।
বিএমডিএর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট ১৭ হাজার ৮৮টি সেচযন্ত্রের মধ্যে ইতোমধ্যে ৬৯২টি সৌরবিদ্যুতের আওতায় এসেছে। এর মধ্যে ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং সম্পন্ন হয়েছে।
নেট মিটারিং ব্যবস্থায় সৌরবিদ্যুৎ দিয়ে প্রথমে সেচের চাহিদা পূরণ করা হবে। অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ দ্বিমুখী মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। বিএমডিএর তথ্য অনুযায়ী, পরিকল্পিতভাবে ১৫ হাজার ৭৫৭টি সেচযন্ত্রে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং বাস্তবায়ন করা সম্ভব হলে বছরে প্রায় চার লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে।
সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা চালু হলে কৃষকরা দিনের আলোতেই প্রয়োজন অনুযায়ী জমিতে সেচ দিতে পারবেন। এতে রাতে সেচ দেওয়ার ভোগান্তি, শ্রমিক সংকট এবং প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি সেচযন্ত্রের সচলতা, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পর্যবেক্ষণে কেন্দ্রীয় লাইভ মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
বিএমডিএর সেচ কার্যক্রমে মোঃ জাহাঙ্গীর আলম খানের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। তিনি সেচ শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বন্ধ হয়ে যাওয়া প্রায় এক হাজার ১০০টি সেচযন্ত্র পুনরায় সচল করেন। মাঠপর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে সমাধান করেন। তাঁর নির্দেশনা ও তদারকিতে সে সময় সেচযন্ত্রগুলোর পরিচালন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি আসে। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কৃষকবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখেন।
এদিকে, বিএমডিএর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটিকে ঘিরে অতীতের রাজনৈতিক প্রভাববলয় পুনঃপ্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাঁদের দাবি, এসব তৎপরতা প্রতিষ্ঠানের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার ঝুঁকি তৈরি করছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একাংশের প্রত্যাশা, সরকারের নীতিগত সমর্থন এবং নির্বাহী পরিচালক ও চেয়ারম্যানের নেতৃত্বে চলমান উন্নয়ন উদ্যোগ অব্যাহত থাকবে।
বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) মোঃ জাহাঙ্গীর আলম খান বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুৎভিত্তিক সেচ অবকাঠামো গড়ে তোলার ফলে সেচের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এতে বছরে বিপুল অর্থ সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে। একদিকে কৃষকের সেচ খরচ কমবে, অন্যদিকে রাতে সেচ দেওয়ার ভোগান্তিও কমে আসবে।’