রামেক হাসপাতালে ‘দালাল’ আখ্যা দিয়ে ৩ নারী রিপ্রেজেনটেটিভকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে ফারিয়ার মানববন্ধন
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কর্মরত ঔষধ কোম্পানির তিন নারী প্রতিনিধিকে ‘দালাল’ আখ্যা দিয়ে গ্রেপ্তার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ফারিয়া। একই সঙ্গে তাদের দ্রুত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সামনে রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর ফারিয়ার যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি শামস উদ্দিন আহমেদ নয়নের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এক্সিকিউটিভ ফোরামের প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. তাকিরুজ্জামান লিটন, ম্যানেজার ফোরামের সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ফারিয়া রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, রাজশাহী বিভাগীয় সভাপতি খাইরুল ইসলাম, রাজশাহী ফারিয়ার সাবেক উপদেষ্টা মো. হুমায়ুন কবীরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন সঞ্চালনা করেন ফারিয়ার উপদেষ্টা মো. আরিফুল ইসলাম মাসুম।
মানববন্ধনে বক্তারা ঔষধ কোম্পানির তিন নারী প্রতিনিধিকে ‘দালাল’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদসহ তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
আরবিসি/২৪ সেপ্টেম্বর'২৬/ রোজি
বক্তারা আরও বলেন, তিন সহকর্মীকে মুক্তি দেওয়া না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসকদের ভিজিট, ফার্মেসিতে ঔষধ সরবরাহসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি দেওয়া হবে।
এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় রাজশাহী প্রায় সকল ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে ফারিয়ার নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বরাবর তিন নারী প্রতিনিধির মুক্তির দাবিতে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক তাদের মুক্তির জন্য আবেদন করার পরামর্শ দেন।