রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুস সবুর।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মো. আব্দুস সবুর। সভার শুরুতে প্রয়াত সভাপতি সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
পরে প্রেসক্লাবের সার্বিক সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা শেষে মো. আব্দুস সবুরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
কার্যনির্বাহী কমিটি আশা প্রকাশ করে, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাজশাহী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর হবে।