১৭ বছরের বকেয়া পরিশোধের দাবীতে রাজশাহীতে গ্রামীনফোনের সাবেক কর্মী, ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : গ্রামীণফোনের সাবেক কর্মী, ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধ, ব্যবসায়িক অধিকার নিশ্চিত এবং মাঠপর্যায়ের বিভিন্ন বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর অলকার মোড়ে এক অভিজাত রেস্তোরাঁয় ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১০ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে সাবেক কর্মীদের ৫ শতাংশ বিলম্ব বকেয়া পাওনা আটকে রয়েছে। দ্রুত এসব পাওনা পরিশোধের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে দাবি আদায়ে আন্দোলন শুরু হলেও দীর্ঘ সময় ধরে এর সমাধান না হওয়ায় সাবেক কর্মীরা আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন। আন্দোলন চলাকালে ছয়জন সাবেক কর্মীর মৃত্যু হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ সময় মাঠপর্যায়ে অবাস্তব বিক্রয় লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া বন্ধ, কমিশন ও মার্জিন সংকোচন রোধ, একতরফাভাবে নীতিমালা পরিবর্তন বন্ধ, বায়োমেট্রিক ও সিম-সংক্রান্ত জটিলতা নিরসন এবং ডিজিটাল রিচার্জ অ্যাপের বিভিন্ন সীমাবদ্ধতা দূর করার দাবি জানানো হয়।
পাশাপাশি সাধারণ গ্রাহকদের স্বার্থে অফারের শর্তাবলিতে আরও স্বচ্ছতা আনা, অনাকাঙ্ক্ষিত ও স্বয়ংক্রিয় ভ্যালু অ্যাডেড সার্ভিস চার্জ বন্ধ, কলরেট পুনর্নির্ধারণ এবং নেটওয়ার্কের মান উন্নয়নের আহ্বান জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে ঢাকা থেকে আগত কেন্দ্রীয় সমন্বয়ক মোবাশ্বের আহসান বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। আলোচনা, পারস্পরিক সম্মান ও ন্যায়সংগত উপায়ে এই সমস্যার একটি টেকসই সমাধান চাই।”
এ সময় রিটেইলার প্রতিনিধি মো. আমজাদ হোসেন, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি সাইফুল ইসলাম সুজন এবং সেন্ট্রাল টিমের সদস্য মোরাদ হোসেন, আতাউস সালাম, ইকরামুজ্জামান খান, শামী উদ্দীন, আসিফ হোসেন, মো. সারাফাত আলী সরকার, মো. সামিউল হক, মহিবুল হাসান, অসীম কুমার, শাহরিয়ার মতিন, সুলতান মাহমুদ ও মশিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরবিসি /১৭ সেপ্টেম্বর'২৬/ রোজি