রাজশাহীর গোদাগাড়ীতে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নূর একাডেমিক ভবনের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্সের নূর একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন একাডেমিক ভবনটির উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রতিষ্ঠা) মোহাঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্সের সভাপতি মো. নুরুল হোদা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, আবাসন এবং নৈতিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূর একাডেমিক ভবন প্রতিষ্ঠার ফলে এসব শিশুর মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে শিশুদের ভবিষ্যতের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম পথ।
বক্তারা শিশুদের প্রতিভা ও মেধা বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ, প্রতিষ্ঠানের উন্নতি এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।