জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের সঙ্গে ডাসকো'র ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং পরিবেশগত মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এনগেজ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম। প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী রুহুল আমিন।
সভায় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিক ও পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন।
ওরিয়েন্টেশন সভায় রাজশাহীর জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মনুষ্যসৃষ্ট উন্নয়ন কর্মকাণ্ডের ফলে সৃষ্ট পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের চ্যালেঞ্জ ও এর সমাধানের উপায় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় রাজশাহীতে সুপেয় পানির সংকট, কৃষিতে অতিরিক্ত ভূগর্ভস্থ পানির ব্যবহার, কীটনাশক ও রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার, খাস পুকুর ভরাট, ইটভাটার দূষণ এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা তুলে ধরা হয়।
এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার চালু, বৃষ্টির পানি সংরক্ষণ, উপরিভাগের পানির ব্যবহার বাড়ানো, নদী-খাল খননে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ, অপরিকল্পিত পুকুর খনন প্রতিরোধ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনী বক্তব্যে ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, “উত্তরাঞ্চল হচ্ছে ফুড বাস্কেট। কিন্তু সম্প্রতি সরকার ৪৭টি ইউনিয়নকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে, যা উদ্বেগের বিষয়। যথাযথ লেখনীর মাধ্যমে এসব বিষয় তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সমস্যা সমাধানের বিকল্প কী হতে পারে, তা কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে।”
তিনি জলবায়ু ও পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।