রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৫৪ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৪ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৪৮৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুর্গাপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই বাজেটের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণে প্রশাসন কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন্দ সরকার, উপজেলা প্রকৌশলী রায়হানুল হক, সমাজসেবা কর্মকর্তা আ ন ম রাকিবুল ইউসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম বাজেট উপস্থাপন করেন। এ সময় উপসহকারী প্রকৌশলী সাহাবুল হক, কার্যসহকারী রতন কুমার ঘোষসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।