প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন রাসিকের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
প্রতিটি কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়। প্রথমবারের মতো এ ধরনের ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন পরিচ্ছন্নকর্মীরা।
অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যারা নিরলস কাজ করেন, তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর উন্নয়নে কাজ শুরু হয়েছে এবং রাজশাহীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করা হবে। নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দিয়ে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর শহীদদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিচ্ছন্নকর্মীরা। ঈদের আগেই উপহার পেয়ে তারা বলেন, চাকরি জীবনে এই প্রথম এমন অনুদান পেয়েছেন। কর্মীরা আরও জানান, এ উপহারে তারা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন এবং কাজে আরও উৎসাহ পাবেন।
আরবিসি /১৭ মার্চ'২৬/ রোজি