সত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত
স্টাফ রিপোর্টার: ‘সত্য ও নিরপেক্ষতার সঙ্গে পথচলা’ স্লোগানকে ধারণ করে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘সমাচার’ পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দৈনিক সমাচারের রাজশাহী অফিসের আয়োজনে নগরীর স্থানীয় দৈনিক ‘উত্তরা প্রতিদিন’ পত্রিকার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা প্রতিদিন পত্রিকার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১১টায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ হাবিবুল্লাহ। আলোচনা সভায় দৈনিক সমাচারের দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং আঞ্চলিক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
দৈনিক সমাচারের রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৈনিক ইত্তেফাকের রাজশাহী স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান এবং দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, একটি সংবাদপত্রের অর্ধশতাব্দী পূর্ণ করা নিঃসন্দেহে বড় অর্জন। শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দৈনিক সমাচার ইতিবাচক ভূমিকা পালন করেছে। নতুন প্রজন্মকে সঠিক তথ্য জানাতে এবং নৈতিক সাংবাদিকতার চর্চায় পত্রিকাটি ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। দীর্ঘ ৫০ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক সমাচার দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রেখে চলেছে। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পত্রিকাটির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মূলধারার সংবাদপত্রের চ্যালেঞ্জ অনেক বেশি। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে পাঠকের আস্থা ধরে রেখে দৈনিক সমাচার ৫০ বছরে পদার্পণ করেছে। আঞ্চলিক সংবাদ ও তৃণমূলের মানুষের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরতে রাজশাহী অফিসের এ উদ্যোগ প্রশংসনীয়।
দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান বলেন, নিরপেক্ষতা ও সাহসিকতাই একটি সংবাদপত্রের মূল শক্তি। দৈনিক সমাচার দীর্ঘ পাঁচ দশক ধরে মানুষের কথা বলে আসছে। সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় পত্রিকাটির কলম আরও শাণিত হোক, সুবর্ণজয়ন্তীতে এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার রাজশাহী স্টাফ রিপোর্টার রিমন রহমান, ডেইলি স্টারের সিনিয়র ফটোসাংবাদিক আজহারউদ্দিন, দৈনিক জনকণ্ঠের স্টাফ ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে আলম মিলন, দৈনিক সোনালী সংবাদের মফস্বল সম্পাদক জগদীশ, দৈনিক সানশাইনের ফটোসাংবাদিক শাহীন, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, শফিকুল আলম ইমন, ভয়েস বাংলার রাজশাহী প্রতিনিধি মামুন রেজা, সিনিয়র সাংবাদিক সানোয়ার আরিফ, সাংবাদিক সুরুজ এবং বিজয়বাংলা নিউজের মাল্টিমিডিয়া স্টাফ জেসিকা শেখসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।