নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে রাজশাহীতে ‘ReadyFish’এর যাত্রা শুরু
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: মাছের গুণগত মান ও পুষ্টিগুণ অটুট রেখে সরাসরি ভোক্তাদের কাছে নিরাপদ মৎস্য পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে যাত্রা শুরু করেছে বিশেষায়িত বিক্রয় কেন্দ্র ও প্রদর্শনী ‘ReadyFish’।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নাটোর মৎস্য চাষী কল্যাণ সমিতির উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।
উদ্যোগটির মূল লক্ষ্য চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও নিরাপদ মৎস্য সম্পদ আধুনিক এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ইতোমধ্যে রাজশাহী মহানগরীর কাজলা ও মতিহার এলাকায় বিক্রয় কেন্দ্র ও প্রদর্শনীর কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।
‘ReadyFish’ কেন্দ্রে আস্ত মাছের পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পরিষ্কার ও কেটে-বাছাই করা মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে রান্নার উপযোগী ফিশ ফিলেট ও বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত মৎস্য পণ্য।
প্রদর্শনীতে আসা এক ক্রেতা বলেন, ‘দেশি ও বিলের মাছের প্রতি আমার সবসময় আগ্রহ থাকে। কিন্তু বাজারে এসব মাছ সহজে পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের এ উদ্যোগ থেকে নির্ভেজাল ও তাজা মাছ পাওয়া যাবে, এমন বিশ্বাস থেকেই এসেছি। পরিবারের জন্য মাছও সংগ্রহ করেছি।’
এ বিষয়ে মাছচাষি সোহেল রানা জানান, চলনবিল ও নদী থেকে সরাসরি ভেজালমুক্ত মাছ সংগ্রহ করে বাজারজাত করার বিশেষ পরিকল্পনা নিয়েই তাঁরা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন।
এ কেন্দ্রে পাওয়া যাচ্ছে চলনবিলের ঐতিহ্যবাহী দেশি মাছ, পদ্মা ও যমুনা নদীর মাছ, আধুনিক খামারে উৎপাদিত নিরাপদ চাষের মাছ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত দেশি মাছের শুঁটকি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল বলেন, ‘বর্তমানে কর্মব্যস্ত জীবনে বাসায় মাছ কাটা অনেকের জন্যই একটি বড় সমস্যা। বিশেষ করে নারীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা কর্মীদের প্রশিক্ষণ দিয়েছি, যাতে তাঁরা স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ পরিষ্কার, কাটা, প্যাকেটজাত ও সংরক্ষণ করতে পারেন।’
তিনি আরও বলেন, প্রতিটি প্যাকেটে মাছের প্রকৃত উৎস উল্লেখ থাকবে। অর্থাৎ মাছটি পদ্মা, চলনবিল নাকি চাষের, তা স্পষ্টভাবে লেখা থাকবে। এতে ক্রেতারা মাছের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, ‘ReadyFish’ একদিকে ভোক্তাদের নিরাপদ আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে, অন্যদিকে নাটোর ও রাজশাহী অঞ্চলের মৎস্যচাষীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং বাজার সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।