রাজশাহীতে রোমোর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে মুহা. আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিস্তারের এই সময়ে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে কোনো আপস করা যাবে না।
তিনি বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতির পাশাপাশি পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই সাংবাদিকদের তথ্য যাচাই, সংবাদ সম্পাদনা, ভাষার শুদ্ধতা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে আরও দক্ষ হতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত ঐক্য ও সহযোগিতা বাড়ানো জরুরি। রোমোকে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের অধিকার, সমাজের সমস্যা এবং রাষ্ট্রের জবাবদিহির বিষয় জড়িত। তাই পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, নতুন সংগঠন হিসেবে রোমোকে সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণের আয়োজন এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোমোর আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার সভাপতিত্বে এবং সদস্যসচিব তুহিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রাজশাহী জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় প্রধান মাহবুব হুসাইন, বাংলাদেশ বেতারের রাজশাহী মহানগর প্রতিনিধি আশিকুর রহমান, রোমোর যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন এবং সংগঠনটির নতুন সদস্য দৈনিক উত্তরা প্রতিদিনের সাংবাদিক রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে রোমোর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বক্তারা বলেন, অনলাইন সাংবাদিকতার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও নৈতিকতার ওপর গুরুত্ব দিতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রতিযোগিতার চেয়ে তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দিতে হবে।