রাজশাহী রেলওয়ে স্টেশনে হারানো সরকারি পিওএস মেশিন উদ্ধার, আটক ১
স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া সরকারি পিওএস (POS) মেশিন উদ্ধারের ঘটনায় আকাশ রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আরএনবি সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) রাজশাহী রেলওয়ে স্টেশনের হিসাব বিভাগের সিনিয়র টিটি কে এম রাকিব হাসান দায়িত্ব পালন শেষে স্টেশনের ৭ নম্বর টিকিট কাউন্টারে সরকারি ক্যাশ জমা দেওয়ার সময় অসাবধানতাবশত তাঁর নামে ইস্যু করা একটি সরকারি পিওএস মেশিন হারিয়ে ফেলেন। মেশিনটির আইডি নম্বর RJHACC06 এবং সিম নম্বর 01759 470766।
পরে ২৬ অক্টোবর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন হিসেবে আকাশ রহমানকে শনাক্ত করা হয়। তিনি রাজশাহীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর এলাকার মো. আবু বক্করের ছেলে।
আরএনবির এএসআই আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে আরএনবি চৌকির অফিসার ইনচার্জ (সিআই) হাসান শিহাবুল ইসলামের নির্দেশে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।